নিজস্ব প্রতিবেদক-
জ্বালানি খাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (জেওসিএল) লেবার Unions-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও নানামুখী হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের কিছু তথ্য বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ।
মোহাম্মদ এয়াকুব অভিযোগ করেন, জ্বালানি সেক্টরের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তিনি নিয়মতান্ত্রিকভাবে সরব হওয়ায় একটি বিশেষ স্বার্থান্বেষী মহল তার কণ্ঠ রোধ করতে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। পাশাপাশি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ভয়ভীতি দেখাতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
তবে এই ধরনের অপপ্রচার বা হুমকিতে পিছু হটার কোনো সুযোগ নেই উল্লেখ করে মোহাম্মদ এয়াকুব বলেন, “মিথ্যা সংবাদ, অপপ্রচার কিংবা হুমকি দিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত প্রতিবাদ থামানো যাবে না। শ্রমিকদের অধিকার রক্ষা, জ্বালানি খাতের স্বচ্ছতা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষার প্রশ্নে আমরা অতীতেও কথা বলেছি, ভবিষ্যতেও নিয়মতান্ত্রিকভাবে কথা বলে যাব।”
তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করার দাবিতেই তারা আন্দোলন করছেন। উত্থাপিত অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং অভিযোগ অসত্য হলে তা অবিলম্বে স্পষ্ট করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।এদিকে জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত জ্বালানি খাতের এই শ্রমিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন অন্যান্য শ্রমিক নেতারা। তারা বলেন, এ খাতে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। একই সঙ্গে মোহাম্মদ এয়াকুবের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম ও অভিযোগকারীদের সুনির্দিষ্ট বক্তব্য প্রকাশের দাবি জানানোর পাশাপাশি হুমকির ঘটনাটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।