বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:
সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ মুহাম্মদ হাসান চৌধুরীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেছে জ্যৈষ্ঠপুরা মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার পরিচালনা পরিষদ। শুভ বিজয়া উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা পরিচালনা পরিষদের সভাপতি শিবাশীষ সেন, ইউপি সদস্য প্রদীপ সূত্রধর, বিভু দে, চিকিৎসক জয় সেন, সহসভাপতি শ্রী কাঞ্চন দে, সঞ্জয় মহাজন, টিটু চৌধুরী, বিএনপি নেতা মুজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুহাম্মদ হাসান চৌধুরী আয়োজক সংগঠনগুলোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রীপুর-খরণদ্বীপ-জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাস অর্জনই তাঁর পথচলার অন্যতম প্রেরণা। এ সম্মাননা তাঁর একার অর্জন নয়, বরং ইউনিয়নবাসীর ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন। তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও এ ধরনের স্বীকৃতি তাঁকে এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চান তিনি। সম্মাননা স্মারক প্রদান করায় জ্যৈষ্ঠপুরা মৈত্রী সংঘ ও দেবেন পাঠাগার পরিচালনা পরিষদের কর্মকর্তা, সদস্য এবং অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, মুহাম্মদ হাসান চৌধুরী ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ-জ্যৈষ্ঠপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।