আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারার কৃতি সন্তান, লন্ডন প্রবাসী বিশিষ্ট সাংবাদিক এবং আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সম্পাদক মুনীর চৌধুরী আজ হাসপাতালটির সামগ্রিক সেবামূলক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ল্যাবরেটরি ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে কর্মরত কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় বসেন। একই সাথে তিনি সেখানে চিকিৎসাধীন সাধারণ রোগীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের চিকিৎসার খোঁজ-খবর নেন।মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘The True Lines’ পত্রিকার সম্পাদক কে. এম. দিদারুল আলম। তিনি হাসপাতালের গৌরবময় প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করে বলেন, “লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরীর বুকে লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আনোয়ারার বিভিন্ন পেশার ১৪ জন সমাজ সচেতন ব্যক্তি একত্রিত হয়ে ২০০৯ সালের ১৬ই ডিসেম্বর ‘আনোয়ারা ডায়াবেটিক সমিতি’র যাত্রা শুরু করেছিলেন।”তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এই হাসপাতালের মাধ্যমে সাধারণ মানুষ এবং বিশেষ করে দরিদ্র রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধপত্র ও ল্যাবরেটরি সুবিধাসহ নানাবিধ সহযোগিতা পাচ্ছেন। হাসপাতালের এই মানবিক ও কল্যাণমুখী অগ্রযাত্রায় নিজের সর্বাত্মক সহযোগিতা বজায় রাখারও দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন কে. এম. দিদারুল আলম।এ সময় পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ উদ্যোক্তা জিয়াউল হক চৌধুরী হিরু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগঠক মোহাম্মদ শামছুল ইসলাম রানা, চট্টগ্রাম আড়তদার সমিতির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফ এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।