নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাদ্দাম হোছাইন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পত্র স্থানে চেকপোস্ট স্থাপন করেন। এসময় মোটরসাইকেলযোগে ওই পথ দিয়ে যাচ্ছিলেন আসামি বিপ্লব মজুমদার (৪২)। পুলিশ তাকে সিগন্যাল দিয়ে থামালে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং জিজ্ঞাসাবাদে সন্দেহজনক ও অসংলগ্ন বক্তব্য দিতে থাকেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তার দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মোটরসাইকেলটি তল্লাশি করে কাঁধের ব্যাগ ও মোটরসাইকেলের পেছনে ঝুলানো বাজারের ব্যাগ থেকে মোট ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত বিপ্লব মজুমদার—মৃত অজিত মজুমদারের পুত্র, আলো রানী মজুমদারের সন্তান, সাং—সন্দু সাধুর বাড়ি, পূর্ব মাইজপাড়া, ৬নং ওয়ার্ড, পূর্ব বারখাইন ইউনিয়ন, থানাঃ আনোয়ারা, জেলাঃ চট্টগ্রাম।
অভিযানের ঘটনায় তার বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাউজান থানা সূত্র জানায়, এলাকায় মাদক-কারবার ও অবৈধ মদ পরিবহনের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। চলমান অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।