নিউজ ডেস্ক
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে আবারও ফিরলেন পুরোনো উদ্যোক্তা-শেয়ারধারীরা। বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিচালনা পর্ষদ বহাল রেখে পুরোনো উদ্যোক্তাদের মধ্য থেকে ১৪ জনকে যুক্ত করে নতুন পর্ষদ গঠন করেছে। নতুন যুক্ত হওয়া সদস্যদের অধিকাংশই চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট, ফলে ব্যাংকটির পরিচালনায় আবারও পুরোনো প্রভাবশালী গোষ্ঠীর প্রত্যাবর্তন ঘটল।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।নতুন পরিচালনা পর্ষদে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, কেডিএস গার্মেন্টসের প্রতিনিধি পরিচালক মাহবুব আহমেদ এবং কেডিএস টেক্সটাইলের প্রতিনিধি পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ স্থান পেয়েছেন।এ ছাড়া পর্ষদে রয়েছেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, এনায়েত উল্লাহ, সেলিম রহমান, আহামেদুল হক, রফিকুল ইসলাম, ইমাদুর রহমান, নাজমুল আহসান খালেদ, আনোয়ার হোসাইন, আবদুস সালাম, লিয়াকত আলী চৌধুরী এবং কেওয়াই স্টিল মিলসের প্রতিনিধি পরিচালক শরিফ উদ্দিন তসলিম। উল্লেখ্য, কেডিএস গ্রুপের দুই শীর্ষ পরিচালক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে কানাডায় শতকোটি টাকা পাচারের গুরুতর অভিযোগ উঠেছিল কিছুদিন আগে। অভিযোগের কেন্দ্রে ছিল কেডিএস গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান এবং তার ভগ্নিপতি ব্যাংকটির সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল। আল আরাফাহ ইসলামী ব্যাংকের গুলশান শাখা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শত শত কোটি টাকার খণ অনুমোদন ও উত্তোলনের মাধ্যমে অর্থ সরিয়ে নেওয়া হযেছিল বলে জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।