যীশু সেন :
রাউজান উপজেলার জাতীয় শিক্ষা পদক ২০২৬-এ ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা)’ হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তর গুজরা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমি সেন। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ নেতৃত্ব, দায়িত্বশীলতা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানে ভূষিত হন।
শিক্ষকতা জীবনের শুরু ২০১২ সালে সহকারী শিক্ষক হিসেবে। কর্মজীবনের মাত্র ৭/৮ মাসের মধ্যেই ২০১৩ সালে সরাসরি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রধান শিক্ষক পদে যোগদানের যোগ্যতা অর্জন করেন। দীর্ঘ প্রায় ১৩ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছেন।
সুমি সেনের দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে এবং উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনা ও পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
শুধু শিক্ষকতাই নয়, গান, আবৃত্তি, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সমানভাবে সক্রিয়। সহকর্মীদের কাছে তিনি একজন দক্ষ সংগঠক ও সমন্বয়ক, আর শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। স্থানীয় সুধীজনের মতে, সুমি সেন একজন আদর্শ শিক্ষানুরাগী ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তিত্ব।
এ বিষয়ে রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূর নবী জানান, সোমবার (১৮ মে) উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শেষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সুমি সেন ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা)’ হিসেবে নির্বাচিত হন।
তার এই অসাধারণ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যতে আরও সাফল্যমণ্ডিত পথচলা কামনা করেছেন সবাই।